খুঁজুন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ‘বিপর্যয়কর’ ক্ষুধা সঙ্কট : ডব্লিউএইচও প্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ‘বিপর্যয়কর’ ক্ষুধা সঙ্কট : ডব্লিউএইচও প্রধান

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরেও ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ ক্ষুধা সঙ্কট চলছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীগুলো ইসরাইলকে মানবিক সরবরাহের ওপর অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো ঘোষণা করেছে, গাজায় প্রবেশ করা ত্রাণ সেখানে বসবাসকারী মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে না। অন্যদিকে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ এখনো তার দৈনিক লক্ষ্যমাত্রা দুই হাজার টনের চেয়েও অনেক কম। কারণ, ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র দুটি ক্রসিং খোলা রয়েছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ‘পরিস্থিতি এখনো বিপর্যয়কর রয়ে গেছে। কারণ যা প্রবেশ করছে তা যথেষ্ট নয়। পর্যাপ্ত খাবার না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি।’

এর আগে, বুধবার জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছে, গাজার জনসংখ্যার কমপক্ষে এক-চতুর্থাংশ অনাহারে আছেন। যার মধ্যে ১১ হাজার ৫০০ গর্ভবতী নারীও রয়েছেন। এই ক্ষুধা সঙ্কট গাজার ‘প্রজন্মের ওপর’ দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

জাতিসঙ্ঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) উপনির্বাহী পরিচালক অ্যান্ড্রু সাবার্টন বুধবার বলেন, গাজার ৭০ শতাংশ নবজাতকই সময়ের আগে অথবা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। ২০২৩ সালের অক্টোবরের আগে এই হার ছিল ২০ শতাংশ।

তিনি আরো বলেন, ‘অপুষ্টির প্রভাব প্রজন্মের পর প্রজন্মের ওপর পড়বে। এই প্রভাব মায়ের ওপর নয়, বরং নবজাতকের ওপর পড়বে। যার ফলে শিশুর দীর্ঘস্থায়ী যত্ন প্রয়োজন হতে পারে ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।’

গত আগস্ট মাসে গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। সে সময় খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি বলেছিল, গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ‘বিপর্যয়কর পরিস্থিতির’ মুখোমুখি হয়েছে।

ফিলিস্তিনি এনজিও পিএআরসি-র বিদেশী সম্পর্কবিষয়ক পরিচালক বাহা জাকউত বলেন, ‘যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পরেও গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ রয়ে গেছে।’

জাকাউত উদাহরণ হিসেবে উল্লেখ করেন, বাণিজ্যিক ট্রাকে বিস্কুট, চকলেট ও সোডা প্রবেশের অনুমতি থাকলেও বীজ ও জলপাইয়ের মতো পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত, এগুলো শিশু, নারী ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে না। কিছু ফল ও শাকসবজি গাজায় প্রবেশ করলেও, সেগুলো অত্যন্ত ব্যয়বহুল।’

বৃহস্পতিবার অক্সফাম ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ ৪১টি মানবাধিকার সংস্থা এক খোলা চিঠিতে অভিযোগ করেছে, ইসরাইল গাজায় ‘ইচ্ছাকৃতভাবে’ ত্রাণ সরবরাহ আটকে দিচ্ছে। মানবিক প্রচেষ্টা শুরু করার জন্য তাদের অনুরোধগুলো ইসরাইলি সরকার নিয়মিত প্রত্যাখ্যান করেছে। সূত্র : আল জাজিরা-পিএনএস

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মোবাইল বন্ধে কঠোর সরকার

M Lutfar Rahman
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
   
১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মোবাইল বন্ধে কঠোর সরকার

নিজস্ব প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: সরকার ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (এনইআইআর) চালু করতে যাচ্ছে। যা টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করবে। এই নতুন উদ্যোগের ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া কিংবা অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাবে।

নতুন ব্যবস্থার আগাম ঘোষণা পাওয়ার পর অনিবন্ধিত মোবাইল ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে সাধারণ মানুষ বিশেষত ছাত্র-যুবকরা অভিযোগ করছেন, সরকারি শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোনের দাম অনেক বেড়ে যাওয়ায় তারা পছন্দের ফোন কেনার সুযোগ পাচ্ছেন না। একটি ২০ হাজার টাকার ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে এর দাম ৫০ হাজার টাকারও বেশি হয়ে যাচ্ছে।

অন্যদিকে ব্যবসায়ীরা অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, সরকার যদি আলোচনায় না আসে, তাহলে ব্যবসায়ীরা রাজপথে নামার পথে বাধ্য হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে, যা বন্ধ করতে সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি এই লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত সরকার নেয়।

আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পরবর্তীতে বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি

বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ

M Lutfar Rahman
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
   
বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, তারা বাসস্টেশন কোন জায়গায় তা জেনে নিয়েন। ইহকালে কীভাবে চলবে তার কোনো বক্তব্য তাদের কাছে নাই, শুধু তড়তড়িয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে।

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের কাছে ভোট চায়, জনগণের কাছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না। বিএনপি ভোট চায়, তার বিনিময়ে জনগণের যে চাওয়াগুলো আছে তা পূরণ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেহেশতের কথা, জান্নাতের কথা বলছেন কোনো কোনো রাজনৈতিক দল। এমনটি তারা বলতেই পারে, ভোটের জন্য রাজনীতির জন্য কেউ কেউ এমনসব কথা বলে বেড়াচ্ছেন। জামায়াতে ইসলাম মানুষকে বিভ্রান্ত করছে। তারা ধর্মের নামে ব্যবসা করছে।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি

আগামী বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

M Lutfar Rahman
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
   
আগামী বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগামী বুধবার (১০ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, আগামী বুধবার সিইসির ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।

একইদিন রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ করতে দেখা যায়।

আগামী বুধবার দুপুরে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিননের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা যাচ্ছে, বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রেওয়াজ আছে, যেদিনই বক্তব্য রেকর্ড হয়, সেদিনই সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আর প্রতিবারই বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি