খুঁজুন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ
ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

আদালত প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কীভাবে বিদেশে চলে গেলেন, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত।

তিনি বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এর আগে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা ছিল।

তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম। আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ১৮ নভেম্বর সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মোবাইল বন্ধে কঠোর সরকার

M Lutfar Rahman
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
   
১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মোবাইল বন্ধে কঠোর সরকার

নিজস্ব প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: সরকার ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া (এনইআইআর) চালু করতে যাচ্ছে। যা টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করবে। এই নতুন উদ্যোগের ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া কিংবা অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাবে।

নতুন ব্যবস্থার আগাম ঘোষণা পাওয়ার পর অনিবন্ধিত মোবাইল ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে সাধারণ মানুষ বিশেষত ছাত্র-যুবকরা অভিযোগ করছেন, সরকারি শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোনের দাম অনেক বেড়ে যাওয়ায় তারা পছন্দের ফোন কেনার সুযোগ পাচ্ছেন না। একটি ২০ হাজার টাকার ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে এর দাম ৫০ হাজার টাকারও বেশি হয়ে যাচ্ছে।

অন্যদিকে ব্যবসায়ীরা অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, সরকার যদি আলোচনায় না আসে, তাহলে ব্যবসায়ীরা রাজপথে নামার পথে বাধ্য হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহৃত হচ্ছে, যা বন্ধ করতে সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধ দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি এই লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার সিদ্ধান্ত সরকার নেয়।

আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পরবর্তীতে বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি

বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ

M Lutfar Rahman
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ
   
বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, তারা বাসস্টেশন কোন জায়গায় তা জেনে নিয়েন। ইহকালে কীভাবে চলবে তার কোনো বক্তব্য তাদের কাছে নাই, শুধু তড়তড়িয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে।

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের কাছে ভোট চায়, জনগণের কাছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না। বিএনপি ভোট চায়, তার বিনিময়ে জনগণের যে চাওয়াগুলো আছে তা পূরণ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেহেশতের কথা, জান্নাতের কথা বলছেন কোনো কোনো রাজনৈতিক দল। এমনটি তারা বলতেই পারে, ভোটের জন্য রাজনীতির জন্য কেউ কেউ এমনসব কথা বলে বেড়াচ্ছেন। জামায়াতে ইসলাম মানুষকে বিভ্রান্ত করছে। তারা ধর্মের নামে ব্যবসা করছে।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি

আগামী বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

M Lutfar Rahman
প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
   
আগামী বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগামী বুধবার (১০ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, আগামী বুধবার সিইসির ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।

একইদিন রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ করতে দেখা যায়।

আগামী বুধবার দুপুরে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিননের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা যাচ্ছে, বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রেওয়াজ আছে, যেদিনই বক্তব্য রেকর্ড হয়, সেদিনই সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আর প্রতিবারই বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দ্য ওয়ার্ল্ড টাইমস বিডি